দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। বিশ্বব্যাপী ১২৫ কোটি রুপির বেশি আয় করে দুর্দান্ত সূচনা করেছে সিনেমাটি। তবে এত বড় সাফল্যের পরও ভারতের বাজারে রজনীকান্তের আগের ছবি ‘কুলি’র প্রথম দিনের আয়ের রেকর্ড ছুঁতে পারেনি ‘জেলার ২’।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পায় বহুল আলোচিত সিনেমাটি। বক্স অফিসের তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের হিসাবে, মুক্তির প্রথম দিনে ভারতে ১৬ হাজার ৫৯৯টি শো থেকে ছবিটির নেট আয় হয়েছে ৫৯ কোটি ৭০ লাখ রুপি। করসহ মোট আয় দাঁড়িয়েছে ৭০ কোটি ২৫ লাখ রুপি।
অন্যদিকে, রজনীকান্ত অভিনীত ‘কুলি’ মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে ৬৫ কোটি রুপি নেট আয় করেছিল। ফলে ভারতের বক্স অফিসে অভিনেতার সর্বোচ্চ উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড এখনো ‘কুলি’র দখলেই রয়েছে।
তবে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে ‘জেলার ২’। প্রথম দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২৫ কোটি ২৫ লাখ রুপি। এর মধ্যে বিদেশের বাজার থেকেই এসেছে প্রায় ৫৫ কোটি রুপি।
ভাষাভিত্তিক আয়ের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে ‘জেলার ২’-এর তামিল সংস্করণ। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ৯ হাজার ৩২৬টি শো থেকে এই সংস্করণ আয় করেছে ৪৩ কোটি ৩৫ লাখ রুপি।
দ্বিতীয় অবস্থানে রয়েছে তেলুগু সংস্করণ। ২ হাজার ৭৯২টি শো থেকে আয় হয়েছে ১২ কোটি ৫০ লাখ রুপি।
তবে উত্তর ভারতের বাজারে কিছুটা বাধার মুখে পড়েছে সিনেমাটির হিন্দি সংস্করণ। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির সময়সীমা নিয়ে পিভিআর-আইনক্সের সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ায় ছবিটির প্রদর্শনে জটিলতা দেখা দেয়।
এরপরও হিন্দি সংস্করণ ৪ হাজার ৩৭১টি শো থেকে ৩ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। অন্যদিকে, কন্নড় সংস্করণ থেকে এসেছে ৩৫ লাখ রুপি।
বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রে রয়েছে রজনীকান্তের নতুন সিনেমা। গ্যাংস্টার ড্রামা ঘরানার ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে রজনীকান্তের পর্দা উপস্থিতি ও অ্যাকশন দৃশ্য নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক দর্শক।
সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারান প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। এতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন রামিয়া কৃষ্ণান, এস জে সুরিয়া, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু ও মিঠুন চক্রবর্তীসহ একঝাঁক তারকা।
প্রথম দিনের বিশ্বব্যাপী আয়ে বড় সাফল্য পেলেও ভারতের বাজারে ‘কুলি’র রেকর্ড ভাঙতে পারেনি ‘জেলার ২’। এখন দেখার বিষয়, প্রথম দিনের এই দুর্দান্ত সূচনা ধরে রেখে আগামী দিনগুলোতে বক্স অফিসে কতটা এগিয়ে যেতে পারে রজনীকান্তের নতুন সিনেমা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর