কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তার (২৯) মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ওই রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।
নিহত নাসরিন আক্তার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর বাবার নাম মোস্তফা কামাল।
নাসরিনের স্বামী ও ছাত্রদল নেতা দেওয়ান ফয়সাল জানান, তাঁর স্ত্রী ও বান্ধবীরা ছোটবেলার বন্ধু। তাঁরা একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তাঁরা কক্সবাজারে বেড়াতে যান। রোববার তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু এর আগেই না ফেরার দেশে চলে গেছেন নাসরিন।
দেওয়ান ফয়সাল বলেন, “আমার স্ত্রী ও তার বান্ধবীরা ছোটবেলার বন্ধু। একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তাঁরা সেখানে বেড়াতে গিয়েছিলেন। রোববার তাঁদের ফিরে আসার কথা ছিল। তার আগেই না ফেরার দেশে চলে গেছে। স্ত্রীর মরদেহ সংগ্রহ করতে কক্সবাজার যাচ্ছি।”
এ বিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাদল হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিসোর্টটিতে ফয়সালের স্ত্রীসহ তাঁর তিন বান্ধবী অবস্থান করছিলেন। সকালে সৌভাগ্যক্রমে নাসরিনের দুই বান্ধবী দুর্ঘটনার কিছুক্ষণ আগে কক্ষ থেকে বাইরে বের হয়ে যান। তবে ওই সময় কক্ষে থাকা নাসরিন ভেতরে আটকা পড়ে মারা যান।
ঘটনার বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের পরিচয় নিশ্চিত করতেও কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর