দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৩৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৮৯ জনে।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুইজনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর মৃত্যু হয়েছে ১০৪ জনের। বাকি এক হাজার ৮৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।
এদিকে, গত এক দিনে নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৯৯০ জনে।
একই সময়ে পরীক্ষায় আরও ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট এক লাখ ৮৮ হাজার ৪৫২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮০ হাজার ৮৪৮ জন।
হামের সংক্রমণ ও মৃত্যুর ধারাবাহিকতায় দেশের জনস্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে এ রোগের সংক্রমণ প্রতিরোধে সময়মতো টিকাদান, দ্রুত রোগ শনাক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর