‘রাইজ় অ্যান্ড ফল’ রিয়েলিটি শোয়ে নিজের ব্যক্তিগত জীবনের বেদনাদায়ক অভিজ্ঞতার কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েছেন ভোজপুরি অভিনেত্রী সোনম মালিক। তাঁর দাবি, সাত বছরের ছেলেকে গত এক বছর ধরে দেখতে পাননি তিনি। নানা বাধার কারণে সন্তানের সঙ্গে দেখা করতে পারছেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানের একটি পর্বে হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন সোনম। তাঁকে কান্না করতে দেখে কী হয়েছে, তা জানতে চান সহপ্রতিযোগী ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানি। পরে শোয়ের একটি নিরিবিলি কোণায় বসে দুজনের মধ্যে কথা হয়।
সেই সময় নিজের গলায় থাকা একটি লকেট কাজলকে দেখিয়ে সোনম বলেন, ‘এটা আমার ছেলে।’ একই সঙ্গে বিষয়টি গোপন রাখার অনুরোধও জানান তিনি। এরপর নিজের কষ্টের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি শুধু ওর জন্যই এখানে এসেছি। কিন্তু আমাকে ওর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। গত এক বছর ধরে ওকে চোখে দেখিনি।’
সোনমের ছেলের বয়স ও সে কোথায় থাকে, তা জানতে চান কাজল। উত্তরে অভিনেত্রী জানান, তাঁর ছেলের বয়স সাত বছর এবং সে হরিয়ানায় থাকে। সন্তানের কাছ থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার যন্ত্রণা প্রকাশ করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় কাজল নীরবে তাঁর কথা শোনেন। সহকর্মীর কাছে মনের কথা খুলে বলে কিছুটা হালকা হওয়ার চেষ্টা করেন সোনম।
হরিয়ানার মেয়ে সোনম মালিক ভোজপুরি মিউজ়িক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে পরিচিতি পান। ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘আরা কে ওথলালি’ গানে পবন সিংহের সঙ্গে কাজের মাধ্যমে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তাঁর পথচলা শুরু হয়। এরপর ধীরে ধীরে অভিনয়জগতেও নিজের অবস্থান তৈরি করছেন তিনি।
তবে ব্যক্তিগত জীবনে ঠিক কী কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সোনম, কিংবা কারা তাঁকে সন্তানের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছেন, সে বিষয়ে অনুষ্ঠানে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। ফলে তাঁর এই ব্যক্তিগত সংকটের নেপথ্যের কারণ এখনও স্পষ্ট নয়।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা
কুশল/সাএ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর