• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০১:২২ দুপুর

সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আদালত খুললে এসব মামলার চূড়ান্ত শুনানি দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি জানান, দেশের বহুল আলোচিত ও সংবেদনশীল এই তিনটি হত্যা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট বিভাগের রায় সম্পন্ন হয়েছে। তবে দীর্ঘদিন ধরে মামলাগুলো আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে। ছুটি শেষে আদালতের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষ এসব মামলার আপিল দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জে সংঘটিত চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মৃত্যুদণ্ডের মধ্যে ১৫ জনের সর্বোচ্চ সাজা বহাল রাখা হয়। দীর্ঘদিন ধরে মামলাটির চূড়ান্ত আপিল নিষ্পত্তির অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ হত্যা মামলায় ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট রায় ঘোষণা করেন। রায়ে টেকনাফ থানার তৎকালীন বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। মামলাটির আপিলও বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া ২০১৯ সালের অক্টোবরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট রায় ঘোষণা করেন। রায়ে বিচারিক আদালতের দেওয়া ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। মামলাটির চূড়ান্ত নিষ্পত্তিও এখন আপিল বিভাগের শুনানির ওপর নির্ভর করছে।

রাষ্ট্রপক্ষের উদ্যোগ অনুযায়ী, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আদালত খুললে আলোচিত এই তিনটি হত্যা মামলার আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলাগুলোর শুনানি দ্রুত শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]