ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে দায়ের করা মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার বাহার মিয়া (২২) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের বাসিন্দা। মামলার অন্য আসামিরাও একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে ওই কিশোরী বাড়ি থেকে একই গ্রামের সিরাজুল উলুম মাদরাসায় ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিল। পথে নির্জন স্থানে আগে থেকে অবস্থান নেওয়া অভিযুক্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর কিশোরী অসুস্থ হয়ে পড়লে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এক অভিযুক্ত তাকে বাড়ির পাশে রেখে চলে যায়। পরে তার কান্না শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে।
পরে স্বজন ও স্থানীয়রা কিশোরীকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক গোপাল পাল জানান, কিশোরীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বেশ কয়েক দিন পর হাসপাতালে ভর্তি হওয়ায় প্রাথমিক পরীক্ষায় তাৎক্ষণিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে কিশোরীর বক্তব্য অনুযায়ী, তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত বাহার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, ঘটনাটি মামলার এজাহার ও অভিযোগের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। তদন্ত ও পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর