বৃক্ষরোপন অভিযান এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশের সুরক্ষায় বছরব্যাপী সচেতনতামুলক নানা কর্মকান্ডের কারণে দেশসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁও চ্যানেল আই ভবনের ছাদে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর পুরস্কার প্রদান ও মহাসম্মেলনে এ স্বীকৃতি প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধি সভাপতি আব্দুল কাদেরের হাতে পুরষ্কার হিসেবে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মনিরুল এইচ খান, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. জসিম উদ্দিন, ড. ইশতিয়াক সোবহান, সাবেক প্রধান বন সংরক্ষকইশতিয়াক উদ্দিন আহমদ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের এসইভিপি মো. আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আওতাধীন প্রকৃতি ও জীবন ক্লাবের মধ্যে ২০২৬ সালে বৃক্ষরোপন অভিযানে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব সেরাদশে নবম স্থান অধিকার করেছে। এজন্য সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ ১০ হাজার টাকা পুরষ্কার লাভ করেছে। এছাড়া বন্যহাতি সুরক্ষায় পাহাড়ি জনপদে সভা-সমাবেশ এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশের সুরক্ষায় বছরব্যাপী সচেতনতামুলক নানা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব দেশসেরা ক্লাবের স্বীকৃতি প্রদান করা হয়েছে। পুরষ্কার হিসেবে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
পুরষ্কার প্রপ্তির প্রতিক্রিয়ায় শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি শেরপুর সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির বলেন, যেকোন কাজের স্বীকৃতি অবশ্যই আনন্দের। তবে একইসাথে পুরষ্কার প্রাপ্তি কাজের গতিকেও আরও বাড়িয়ে দেয়। এজন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং শেরপুর ক্লাবের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বন্যহাতি আমাদের গারোপাহাড়ের ফ্ল্যাগশীপ প্রাণী। এটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে। পাহাড়ী জনপদে হাতি-মানুষের সহাবস্থান নিশ্চিত করতে হবে। এজন্য আমাদের প্রচেষ্টা এবং কার্যক্রম আরও জোরদার করা হবে। তাছাড়া প্রাণ-প্রকৃতি, পরিবেশ, বন্যপ্রাণী, পাখি, জীববৈচিত্র্য সুরক্ষায় কার্যকর বিভিন্ন কার্যক্রম ও সচেতনতামুলক কর্মসূচি বেগবান করা হবে।
শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব দেশসেরা ক্লাবের স্বীকৃতি ও বৃক্ষরোপনে সেরা দশে পুরষ্কার লাভ করায় অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের সভাপতি সুশীল মালাকার, উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি তপন সারোয়ার, জনউদ্যোগ শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সভাপতি সুজয় মালাকার, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, কবি জ্যোতি পোদ্দার, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদিকা আইরীন পারভীন, ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন, আদিবাসী নেতা যুগল কিশোর কোচ, সুমন্ত বর্মন সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর