সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত-শিবির-এনসিপি ষড়যন্ত্র করতে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
তিনি বলেন, দুর্গাপূজা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা গ্রহণযোগ্য নয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। ছাত্রদল সাধারণ সম্পাদক অভিযোগ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে পরিস্থিতিকে ব্যবহার করার চেষ্টা করছে।
তিনি বলেন, ছাত্রদল সব সময় গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত না করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। দুর্গাপূজাকে ঘিরে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
রবিবার রাত ৮টায় নোয়াখালী জেলা শহর মাইজদী সোনাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় জেলা বিএনপি ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর