শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় পূজামণ্ডপ এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।
সোমবার (১৯শে অক্টোবর) রাত ৮টায় উপজেলার মুন্সিগঞ্জ ফুলতলা সার্বজনীন পূজামন্ডপসহ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
উক্ত তিনটি উপজেলায় মোট ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা ডিউটি পালন করছেন। পাশাপাশি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারিরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, যেকোনো অনাকাঙিক্ষত পরিস্থিতি প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ লক্ষ্যে সর্বসাধারণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর