• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ০৯:৩২ সকাল

জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

ছবি: সংগৃহীত

ছয় দশকেরও বেশি সময় ধরে জনসম্মুখে প্রদর্শিত না হওয়া ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম অবশেষে দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার হংকংয়ে চিত্রকর্মটি দেখতে শত শত মানুষ সারিবদ্ধভাবে দাঁড়ান। নিউইয়র্কে সোথেবির নিলামের আগে এটি প্রদর্শন করা হয়।

আগামী ১৮ নভেম্বরের নিলামে চিত্রকর্মটির দাম প্রায় ১৮ কোটি ডলার উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই নিলামের মাধ্যমে উচ্চমূল্যের শিল্পকর্মের বাজারের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ তৈরি হবে। বৃহত্তর অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও বিরল ও অত্যন্ত মূল্যবান শিল্পকর্ম কেনার প্রতিযোগিতায় সংগ্রাহকদের আগ্রহ অব্যাহত রয়েছে।
১৮৯০ সালের মে মাসে আঁকা Chataigniersenfleurs বা ‘ফুলে ফুলে সুশোভিত চেস্টনাট গাছ’ ভ্যান গঘের জীবনের শেষ দিকের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি। ফ্রান্সের আভের-সুর-ওয়াজ গ্রামে জীবনের শেষ সময়ে তিনি চিত্রকর্মটি আঁকেন। প্রায় দুই মাস পর, মাত্র ৩৭ বছর বয়সে সেখানেই তার মৃত্যু হয়।

নিউইয়র্কে সোথেবির আধুনিক ও সমকালীন শিল্পকলা বিভাগের কর্মকর্তা স্কট নিচেল বলেন, নিলামে চিত্রকর্মটি ভ্যান গঘের কোনো শিল্পকর্মের সর্বোচ্চ বিক্রয়মূল্যের নতুন রেকর্ড গড়তে পারে।

নিচেল বলেন, ‘এটি শিল্পীর সৃষ্টিশীলতার এমন একটি পর্যায়ের কাজ, যখন তার মধ্যে অসাধারণ আশাবাদ, উন্মত্ত প্রাণশক্তি, উদ্দীপনা, আবেগ ও রঙের প্রাচুর্য লক্ষ করা যায়।’

সাঁ-রেমি-দ্য-প্রোভঁসের একটি মানসিক চিকিৎসাকেন্দ্র থেকে মুক্তি পাওয়ার পর ভ্যান গঘ আভের-সুর-ওয়াজে জীবনের শেষ সময় কাটান। ওই সময়ে আঁকা তার চিত্রকর্ম খুব কমই বাজারে আসে। এ কারণে আসন্ন নিলামটি শিল্পকর্মের সংগ্রাহক, জাদুঘর ও বিনিয়োগকারীদের বিশেষ মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

চিত্রকর্মটি দেখতে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেন থেকে প্রায় আড়াই ঘণ্টা ভ্রমণ করে হংকংয়ে আসেন ৫০ বছর বয়সি শিল্পপ্রেমী লি শানশান।

তিনি বলেন, ‘এই চিত্রকর্মটির কথা আমি আগে কখনো শুনিনি। তাই নিজের চোখে এটি দেখতে চেয়েছিলাম।’

চিত্রকর্মটিতে ফুলে ফুলে সুশোভিত একটি বিশাল চেস্টনাট গাছ দেখা যায়। গাছটির বিস্তৃত ফুলে ভরা শাখাপ্রশাখা ছবিটির মূল আকর্ষণ। দীর্ঘদিন জনসমক্ষে প্রদর্শিত না হওয়া ১২টি শিল্পকর্মের একটি সংগ্রহের অংশ হিসেবে এটি নিলামে তোলা হবে। ওই সংগ্রহে পল সেজান ও ক্লদ মোনের মতো শিল্পীদের কাজও রয়েছে।

সেপ্টেম্বরের শেষ দিকে লন্ডনে সোথেবি প্রথমবারের মতো এই সংগ্রহের পাঁচটি শিল্পকর্ম প্রদর্শন করে।  সেগুলোর মধ্যে ছিল সেজানের Arlequin এবং মোনের Lejardindes Tuileries।

১৮৯০ সালের জুলাইয়ে ভ্যান গঘের মৃত্যুর পর Chataigniersenfleurs চিত্রকর্মটি তার ভাই থিওর কাছে যায়। পরে এটি থিওর বিধবা স্ত্রী ইয়োহানা ভ্যান গঘ-বঙ্গার এবং তাদের ছেলে ভিনসেন্ট উইলেমের মালিকানায় আসে।

পরবর্তী সময়ে চিত্রকর্মটির মালিক হন জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার। তিনি এস. ফিশার প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা। এরপর চিত্রকর্মটি যুক্তরাষ্ট্রের গীতিকার ও চলচ্চিত্র প্রযোজক এবং ক্যাপিটল রেকর্ডসের সহপ্রতিষ্ঠাতা জর্জ বাডি ডি সিলভার সংগ্রহে যায়।

১৯৫৩ সালে সংগ্রাহক হ্যারিয়েট হ্যারিস-জোনাস চিত্রকর্মটি কেনেন। তার সংগ্রহের শিল্পকর্মগুলো এতটাই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো যে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট তার ফিফথ অ্যাভিনিউয়ের অ্যাপার্টমেন্টে এসব শিল্পকর্ম দেখার জন্য পৃষ্ঠপোষকদের পরিদর্শনের ব্যবস্থা করেছিল।

১৯৭৫ সালে শিল্পকর্ম ব্যবসায়ী প্রতিষ্ঠান উইল্ডেনস্টাইনের কাছ থেকে ব্লাকিয়ের পরিবার চিত্রকর্মটি কিনে নেয়।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]