ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিমসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রায় বাতিল এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চরহোসেনপুর গ্রামের ভূঁইয়া ফিলিং স্টেশন থেকে মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে শর্শী এলাকার ভূঁইয়া বাড়ির সামনে গিয়ে শেষ হয়। জানা যায়, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সার্বিক সহযোগিতায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মন্ডল। মিছিলে উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, রাকিব মন্ডলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন আনোয়ার হোসেন মন্ডল।
এদিকে, মিছিলের বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, “অনেক সময় পলাতকেরা পুরোনো ভিডিও ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। নিষিদ্ধ সংগঠনের আসলেই কোনো মিছিল হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর