বয়স মাত্র ২৮ বছর। চোখে ছিল সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চলছিল ছোট্ট সংসার। দোকানে চাকরি করে কোনোমতে সংসার চালাতেন আশিক বিল্লাহ শিমুল। হঠাৎ ক্যান্সার কেড়ে নিয়েছে তার স্বাভাবিক জীবনযাত্রা। এখন টাকার অভাবে থমকে যেতে বসেছে তার চিকিৎসা। নাটোরের গুরুদাসপুর তথা চলনবিল অঞ্চলের কিংবদন্তী, চলনবিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষাবিদ মরহুম অধ্যাপক আত্হার হোসেন ও মোছা. খুশি বেগমের কনিষ্ঠপুত্র শিমুল। বিরল কোলন ক্যান্সারে আক্রান্ত শিমুল দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর প্রায় দেড়লাখ টাকা খরচ করে রাজশাহীতে শিমুলের (মলদারের টিউমার/কোলন ক্যান্সার) অপারেশন করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে ২১ দিন পরপর শিমুলকে ৮টি কেমোথেরাপি দিতে হবে। কেমো প্রতি ২৫ হাজার টাকা হিসেবে ২ লাখ টাকা দরকার। ঋণ/কর্জ করে তার পরিবার ও শ্বশুরবাড়ির লোকজন প্রথম অপারেশন করিয়েছেন। কেমোথেরাপি শেষ হলে শিমুলের দ্বিতীয় অপারেশন হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
শিমুল বলেন, টাকার কাছে হার মেনে যাচ্ছি। যা সম্বল ছিলো এই মরণ ব্যাধি অসুখে সব শেষ। তবুও আশায় আছি, আল্লাহ সহায় হোন।
এদিকে শিমুলের সংসারে স্ত্রীসহ ১ বছরের শিশুকন্যা ফিহা ও ১০ বছরের সিজা রয়েছে। পৌর সদরের চাঁচকৈড় বাজারের একটি কসমেটিকের দোকানে ৮ হাজার টাকা বেতনের কর্মচারী ছিলেন তিনি। ক্যান্সার শনাক্তের পর সেই কর্ম আর নেই। নিজস্ব কোনো জায়গা জমিও নেই তার। অসহায়ত্ব আর অসুস্থতায় মানবেতর জীবন নিয়ে বিছানায় কাতরাচ্ছেন শিমুল।
সহায়সম্বলহীন শিমুলের চিকিৎসা খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছেনা। সুস্থ হওয়ার আশা থাকলেও অপারেশনের পর অর্থের অভাবে অনিশ্চিত জীবনের দুশ্চিন্তায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিমুল। কেমোথেরাপি ও পরবর্তী অপারেশনের জন্য আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তার পরিবার।
শিমুলের সোনালী ব্যাংক একাউন্ট নং- ৪৯০৬৪০১০২৬০০৯ এবং পার্সোনাল বিকাশ/নগদ নং- ০১৭৭৬৫৯৫৯৩৪।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর