লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় জামায়াত ও এনসিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নিরাপত্তা দিতে না পারলে আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলামকে লন্ডনে নেওয়া হলো কেন, সেই প্রশ্নও করেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রাশেদ খান। এ সময় নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
রাশেদ খান বলেন, ‘দেশের ভেতরে গোপালগঞ্জের ঘটনার জন্য জামায়াত ও এনসিপি যেভাবে বিএনপি সরকারকে দোষারোপ করেছিল, লন্ডনের এই ঘটনার জন্য তারা কাকে দায়ী করবে? এখানেও তারা বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খুঁজবে কি না।’
এ সময় আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের হুমকির বিরুদ্ধে থানায় জিডি করলে হবে না। প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
নাহিদ ইসলামের ওপর হামলার পরও এনসিপি ও জামায়াত কোনো মিছিল বের করেনি কেন, সে প্রশ্নও তোলেন রাশেদ খান। এ বিষয়ে দল দুটির বক্তব্য জানতে চান তিনি।
সমাবেশে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর