ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেমিস্টারে ফাইনাল পরীক্ষা চলাকালীন দায়িত্ব শিক্ষকদের খোশগল্প, নাস্তা করা ও ফোনে কথা বলা নিয়ে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মতিউর রহমান সরকার দুখু।
অভিযোগের একটি কপি বিডি২৪লাইভের হাতে এসেছে। ওই অভিযোগে তিনি বলেছেন, ১৩ আগস্ট আমাদের ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোর্স নম্বর-৩০৫। কলাভবনের পঞ্চম তলায় দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা হয়। পরীক্ষায় আমি কেন্দ্রের সামনের দিকে দ্বিতীয় বেঞ্চে বসি। পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সামনে বসা শিক্ষকরা নিজেদের মধ্যে উচ্চস্বরে আলাপ শুরু করেন। শিক্ষকদের আলাপের কারণে পরীক্ষার খাতায় মনোযোগ দিতে অসুবিধা হওয়ায় আমি একজন শিক্ষককে আমার সমস্যার কথা জানাই। তিনি তখন আমাকে পরীক্ষাকেন্দ্রের শেষের দিকের বেঞ্চে চলে যেতে বলেন।
মতিউর রহমান সরকার দুখু আরো উল্লেখ করেন, কেন্দ্রের শেষের দিকের বেঞ্চে বসার কিছুক্ষণ পর আরেকজন শিক্ষক আমার পেছনে এসে বসে একটি ইংরেজি আর্টিকেল উচ্চস্বরে পড়া শুরু করেন। প্রায় ১ ঘণ্টা তিনি আর্টিকেল পড়েন। তাছাড়া কেন্দ্রে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শিক্ষকরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রের অভ্যন্তরে উচ্চস্বরে মোবাইলে কথা বলেন।
দর্শন বিভাগের এই শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ‘আমি এর সুষ্ঠু সমাধান আশা করছি। এভাবে কোন পরীক্ষা কেন্দ্র চলতে পারে না।’
এদিকে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী বলেন, সে আমাকে বলতে পারতো। আমাকে না জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রককে চিঠি দিয়েছে। এটা সে ঠিক করেনি। আমি অভিযোগ পাওয়ার পরপরই ওই শিক্ষকদের বলে দিয়েছি এসব না করতে।

সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর