দেশের চারটি বিভাগ ও ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের কারণে জনজীবন হাঁসফাঁস করছে। তবে সপ্তাহের শেষে বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এই অবস্থা চলতে পারে।
সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর বর্তমানে তুলনামূলকভাবে কম সক্রিয় রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে দুর্বল অবস্থায় বিরাজ করছে। এই অবস্থায় আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
প্রথম দিনের (৯ জুন) পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর