চাঁদা দিতে অস্বীকার করায় মানিকগঞ্জে মোহাম্মদ কবির হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
১৬ জুন দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পীরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত কবির হোসেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী কবির হোসেন জানান, অভিযুক্ত মোহাম্মদ সিরাজুল হোসেন ওরফে রাজিব (৩২) তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় রাজিব তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং তাকে মারধর করে।
কবির হোসেন দীঘি ইউনিয়নের চান্দর গ্রামের মৃত ইব্রাহিম বেপারীর ছেলে। অভিযুক্ত সিরাজুল হোসেন ওরফে রাজিব একই এলাকার শুকুর আলীর ছেলে। কবির হোসেন গার্মেন্টস ব্যবসার পাশাপাশি ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। রাজিব তার অধীনে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজিব এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী কবির হোসেন প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন এবং অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর