ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া প্রাইভেট লিমিটেডের একটি যাত্রীবাহী বাস চুরি করে নিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে পৌর সদরের মিলেনিয়াম ফিলিং স্টেশন এলাকা থেকে বাসটি চুরি হয়।
পুলিশ জানায়, বাসটি পার্কিং করা ছিল। স্থানীয়দের সহায়তায় ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের দেওখোলা এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়। এ সময় দুই চোরকে আটক করা গেলেও চক্রের আরও তিনজন সদস্য পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বাসটি ঢাকায় পৌঁছে দিতে পারলে চোরচক্রের প্রায় ১০ লাখ টাকা লাভ হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা আরও বাস চুরির পরিকল্পনা করছিল।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জান জানান, গ্রেপ্তারকৃত দুই চোরকে রবিবার আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে, এটি একটি সুপরিকল্পিত আন্তঃজেলা চক্রের কাজ এবং তারা পূর্বেও বিভিন্ন যানবাহন চুরির সাথে জড়িত ছিল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর