ব্রুনাইয়ে কর্মী প্রেরণে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের যোগসাজশে সিন্ডিকেট দুর্নীতির মাধ্যমে বায়রার সদস্যদের অধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন (ব্রা)। এর ফলে ব্রুনাইয়ের শ্রমবাজার হারাতে বসেছে বাংলাদেশ এবং কমছে রেমিটেন্স প্রবাহ।
আজ (২৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা।
ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশনের সভাপতি ইকরাম চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, বায়রার সদস্যরা ব্রুনাইয়ের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি বাজার তৈরি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগসাজশে দুর্নীতির মাধ্যমে বায়রার সদস্যদের মৌলিক অধিকার হরণ করে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বোয়েসেলের মাধ্যমে কর্মী প্রেরণ করায় ব্রুনাইয়ে কর্মী প্রেরণে যুক্ত ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। এই সিদ্ধান্ত বাতিলের জন্য এবং বোয়েসেলের পাশাপাশি বায়রার সদস্যদেরও কর্মী প্রেরণের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রুনাইয়ে প্রচুর কর্মীর চাহিদা থাকলেও বোয়েসেল মাত্র ২% শ্রমিক পাঠাতে পেরেছে। এমন পরিস্থিতিতে সরকারের দুর্বল ব্যবস্থাপনার কারণে ব্রুনাইয়ের বাজারটি হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন দেলোয়ার চৌধুরী, সাংগঠনিক ও আইন বিষয়ক সম্পাদক মোঃ নূরুল আলম, বায়রার অন্যতম নেতা লায়ন এম এ রশিদ শাহ সম্রাট, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন রনি, অর্থ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা জনস্বার্থে বিষয়টি বিবেচনা করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং গণমাধ্যমকে বিষয়টি তুলে ধরার আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর