হবিগঞ্জের নবীগঞ্জে বনগাঁও-পিঠুয়া গ্রামের ফাঁসগাছ ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া জাবেদ মিয়া নামের এক যুবকের হত্যাকাণ্ডের মূলহোতা আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট একটি মোবাইল কল পেয়ে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া (২৮)। নিখোঁজের দু'দিন পর ২২ আগস্ট সকালে উপজেলার আউশকান্দি-পিটুয়া টু বনগাঁও সড়কের হাছানখালী খালের ফাঁসগাছ নামক ব্রিজের নিচে ভেসে ওঠে ভিকটিম জাবেদ মিয়ার মরদেহ। তার পরনে থাকা প্যান্টের কোমরের কালো বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) ও র্যাব-১১ এর একটি যৌথ আভিযানিক দল গভীর রাত ১২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর দেওয়ানবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার তদন্তে পলাতক আসামি ও ঘটনার মূলহোতা বনগাঁও গ্রামের লেচু মিয়ার ছেলে মো. আব্দুল আউয়াল (২৫) গ্রেপ্তার হন। পরে গ্রেপ্তারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। আসামি আউয়াল মিয়া (২৫) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর