চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুত করে রাখা ১ হাজার ৫০০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট গোডাউনটি সিলগালা করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সার মজুতের ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার ‘নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডার’-এর একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গোডাউনটিতে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে বিপুল পরিমাণ রাসায়নিক সার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।
পরে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে গোডাউনটি সিলগালা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। জব্দ করা সার এবং অবৈধভাবে সার মজুতের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রশাসন আরও জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে অবৈধভাবে সার মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর