খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
সোমবার ভোর ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
নিরাপত্তা বাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ির গহীন জঙ্গল এলাকায় ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। এর প্রেক্ষিতে সোমবার ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি অভিযানিক দল ইউপিডিএফের সেই গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়।
এ সময় সেখানে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড অ্যামোনিশন, ১৫টি ব্যানার, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এর আগে অভিযান চলাকালে সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করতে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করে। আজকের ঘটনা সহ বিগত কয়েকদিনের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে পালিয়ে যাওয়া ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর