ভোলার চরফ্যাশনে গাছ কাটার সময় মো. সালাউদ্দিন (৩২) নামে এক শ্রমিক গাছের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) বিকেল ৩ টার দিকে চরফ্যাশন সরকারি কলেজের সামনে বারেক মাওলানার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহজাহান আলীর ছেলে।
নিহতের আত্মীয় বেলাল ফরাজি বলেন, আমার দুলাভাই দীর্ঘদিন ধরে গাছ কাটার পেশায় নিয়োজিত ছিলেন। রোববার সকালে তিনি চরফ্যাশন সরকারি কলেজের সামনে বারেক মাওলানার বাড়িতে গাছ কাটতে যান। বিকেল ৩টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে শুনি তিনি গাছ কাটার সময় পড়ে গেছেন এবং হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি আমার বোনজামাই সালাউদ্দিনের মরদেহ বেডে পড়ে আছে। তখনি চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
নিহতের ভাই আব্দুল মজিদ বলেন, কারো বিরুদ্ধে আমাদের আপাতত কোনো অভিযোগ নেই। মরদেহ বাড়িতে নেওয়ার চেষ্টা চলছে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাকলুকুর রহমান জানান, নিহত সালাউদ্দিনকে তার সহকর্মী খোরশেদ হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
চরফ্যাশন থানার ডিউটি অফিসার এস আই মো. সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর