আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দিনব্যাপী পালিত হচ্ছে নানা কর্মসূচি। তিন বাহিনী প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। সেখানে তিনি ১০১ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা, তিন বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, প্রতিরক্ষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবসহ বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।
আজ বিকেল ৪টায় সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধান উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রদূত, বিচারপতি, সচিব, তিন বাহিনীর সাবেক প্রধান, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার, বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনাসদস্যদের পরিবার, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর