বায়ুদূষণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে নাগরিকদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে দেশের যেকোনো স্থানে বর্জ্য পোড়ানোর ছবি তুলে পাঠালে প্রতি মাসে যাচাই-বাছাই শেষে সেরা ১০ জনকে পুরস্কার দেওয়া হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহন ও ইটভাটার ধোঁয়ার পাশাপাশি যত্রতত্র বর্জ্য পোড়ানো বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। এর ফলে শ্বাসতন্ত্রের নানা রোগসহ জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে, যা বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য ক্ষতিকর এবং অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠছে।
এই পরিস্থিতি মোকাবিলায় বায়ুদূষণের উৎসগুলো চিহ্নিত করতে সরাসরি নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের সব নাগরিককে বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে তার ছবি পাঠানোর অনুরোধ জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।
বর্জ্য পোড়ানোর ছবি climatechange2@moef.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ছবি পাঠানোর সময় প্রেরক বা ফটোগ্রাফারের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় জানায়, প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে এবং নির্বাচিতদের যথোপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।
সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা আরও বাড়বে।
সাজু/নিএ
সর্বশেষ খবর