আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শহিদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে এক মানববন্ধনে তিনি এই আগ্রহের কথা জানান।
মানববন্ধনে মাসুমা হাদিকে প্রার্থী করার দাবি জানানো হয় তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে। বক্তারা বলেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলায় হাদিকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন। তবে ঘাতকরা তার সেই কথা থামিয়ে দিয়েছে। আমরা চাই শহিদ ওসমান হাদির লড়াই বেঁচে থাকুক এবং দেশে ন্যায়ের জয় নিশ্চিত হোক।”
শহিদ ওসমান হাদির বড় বোন মাসুমা হাদি নিজের প্রার্থিতার প্রস্তাবে বলেন, “আমার ভাই ওসমান হাদির রক্তে গড়া এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ইনকিলাব মঞ্চ লড়াই করে যাচ্ছে। ওসমান হাদির স্বপ্ন ছিল রিক্সাচালক, দিনমজুর, কৃষক ও শ্রমিকদের কণ্ঠ হয়ে সংসদে ইনসাফের কথা বলা। তাকে হত্যার মধ্য দিয়ে ইনসাফের লড়াই থামানো হয়েছে। ইনকিলাব মঞ্চের ভাইবোনেরা সিদ্ধান্ত নিলে আমি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে প্রস্তুত।”
মানববন্ধনে আরও বলা হয়, “হাদির বোন মাসুমা হাদির মধ্যে আমরা হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা মাসুমা হাদিকে ঢাকা-৮-এর সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চাই। দেশবাসীরও এটি প্রত্যাশা।”
সাজু/নিএ
সর্বশেষ খবর