দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের পর এবারই প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন বলে জানিয়েছে দলের মিডিয়া সেল।
গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে ধারাবাহিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিলেও এদিনই প্রথম তিনি সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে যুক্ত হলেন।
বিএনপির নেতারা মনে করছেন, তারেক রহমানের এই উপস্থিতি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।
এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা গেছে। অনেক নেতাকর্মী এটিকে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখছেন এবং আগামী দিনের রাজনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর