ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম যেখানে প্রায় ১ হাজার ২৫০ টাকা, সেখানে ভোক্তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বিক্রেতারা সরবরাহ কম থাকার অজুহাতে অতিরিক্ত দাম আদায় করছেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা রাশেদ মাহমুদ বলেন, প্রতি মাসেই গ্যাস লাগে। আগে ১২৫০–১৩০০ টাকায় সিলিন্ডার কিনতাম, এখন ২ হাজার টাকা চাচ্ছে। বাধ্য হয়েই কিনতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি জানান, ডিলার পর্যায় থেকেই বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে বলে তারা খুচরা পর্যায়ে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। তবে এ বিষয়ে লিখিত কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা।
উল্লেখ্য, সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের বাইরে এলপিজি বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। স্থানীয় প্রশাসনের তদারকি না থাকায় সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা—এমনটাই মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান বলেন , এলপিজির অতিরিক্ত দাম নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর