নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু এলাকার তুলসি নদী থেকে আব্দুল কুদ্দুস (৪৮) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এলাকাবাসীর সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত আব্দুল কুদ্দুস পাটপাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি বিকেলে পাওনা টাকা আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল কুদ্দুস। এরপর রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। তার স্ত্রী তাকে ফোন করলে তিনি কিছুক্ষণ পর আসবেন বলে জানান।
পরে আবারও ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে যার কাছে টাকা আনতে গিয়েছিলেন, সেই সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কুদ্দুস কোথাও আছে, পরে আসবে।
পরে রবিবার সকালে পরিবারের পক্ষ থেকে আবারও সুমনকে ফোন দেওয়া হলে তিনি সোনাবাজু মুসার ঘাট এলাকার তুলসি নদীতে খোঁজ নিতে বলেন। পরে স্বজনেরা কচুরিপানা সরিয়ে নদীতে আব্দুল কুদ্দুসের মরদেহ দেখতে পান। তার মাথার সামনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর