পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের ছবি সম্বলিত ব্যানার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ৩১ জানুয়ারি দিবাগত রাতে পঞ্চগড় সদরের যতনপুকুরি এবং তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় সড়কের পাশে অবস্থিত প্রায় আট থেকে দশটি ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু পঞ্চগড় সদর থানায় এবং তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদী হয়ে তেঁতুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে, ক্ষুব্ধ হয়ে ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী এজেন্ট, তাঁর ছোট ভাই ব্যারিস্টার নওফল জমির রবিবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় পৌর বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলম মামুন রনিক, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান এবং যুবদল নেতা হায়াতুন আলম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নওফল জমির জানান, "আমরা খুব মর্মাহত, কারণ গতকাল রাতে আমাদের দুই উপজেলায় কয়েকটি স্থানে ধানের শীষের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। এতে দাহ্য পদার্থ ব্যবহার করে ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে নির্বাচনে ভিন্নমত থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু ব্যানার পুড়িয়ে দেওয়া হবে কেন? এ ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য হুমকি।"
সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ জেলায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর