নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনটি জানায়, দাবি আদায়ে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের সব সরকারি দপ্তরে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে আরও জানানো হয়, চলমান গণকর্মবিরতি প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংশ্লিষ্টরা জানান, গত সাত বছর ধরে তারা এই দাবি জানিয়ে আসলেও সরকার তা আমলে নিচ্ছে না। সর্বশেষ গত ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর অংশগ্রহণে মহাসমাবেশের মাধ্যমে দাবি উপস্থাপন করা হয়। তখন তারা আশা করেছিলেন ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। তবে দেড় মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।
তারা অভিযোগ করেন, গত ২১ জানুয়ারি কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে নতুন কমিটি গঠনের নামে সময়ক্ষেপণ করছেন।
আন্দোলনকারীরা জানান, জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে ‘বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সার্বিক বিষয়কে সামনে রেখেই কর্মসূচি সাজাচ্ছেন তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর