ভোটের মাঠে কাজ করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার এবং শালীন ভাষায় যুক্তিপূর্ণ সমালোচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে জামায়াত আমির বলেন, ভোটের মাঠে কাজ করতে গিয়ে অনেক সময় একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের প্রবণতা দেখা যায়। সমালোচনা করার অধিকার সবার থাকলেও কোনো অবস্থাতেই শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়।
তিনি আরও বলেন, সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে হওয়া প্রয়োজন। এমন কোনো ভাষা প্রয়োগ করা কাম্য নয়, যা নিজের বা অন্যের ক্ষেত্রে ব্যবহার করলে আহত হওয়ার আশঙ্কা থাকে। এমনকি প্রিয় কোনো ব্যক্তিকে রুচিবহির্ভূতভাবে সমালোচনা করা হলেও তার জবাব দেওয়া উচিত উত্তম ভাষায় এবং যুক্তির মাধ্যমে।
ডা. শফিকুর রহমান বলেন, শালীনতা ও সৌজন্য বজায় রেখেই রাজনৈতিক মতপার্থক্য প্রকাশ করা আমাদের শিক্ষা। ভোটের মাঠে দায়িত্বশীল আচরণই গণতন্ত্রকে শক্তিশালী করে।
তিনি আশা প্রকাশ করে বলেন, তাঁর এই সামান্য পরামর্শ সবাই যথাযথ গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন। শেষে তিনি বলেন, “আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহায়তা করুন। আমিন।”
সাজু/নিএ
সর্বশেষ খবর