জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ও শাস্তির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছেন নারীরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কর্মজীবী সচেতন নারীরা এই ঝাড়ু মিছিল করেন। মিছিলটি বেলকুচি উপজেলার সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগান দেন। তারা "চাইতে গেলাম অধিকার, জামায়াত বলে বেশ্যা", "চাইলাম হিস্যা, হয়ে গেলাম বেশ্যা" সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
মিছিলে অংশগ্রহণকারী নারীরা জানান, ১৯৭১ সালে জামায়াত যেমন আমাদের মা-বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে লাখ লাখ মায়ের ইজ্জতহানি করেছে, স্বাধীনতার ৫৪ বছর পর আবারও তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার ক্ষুণ্ন করে বেশ্যা বলে আখ্যায়িত করেছে। জামায়াতের কাছে নারীরা কখনো নিরাপদ নয়।
তাঁরা বলেন, নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ সেই নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য মেনে নেওয়া যায় না। ডা. শফিকুরেরও মা ও মেয়ে রয়েছে। তাহলে তাঁরাও কি বেশ্যা? জামায়াত আমিরের এসব নারী অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানাতে আমরা এই ঝাড়ু মিছিল করছি। একই সাথে আমরা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাস্তি ও বিচার দাবি করছি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর