ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে চলছে ভোটগ্রহণ। পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি। তাদের জন্য কারাগারের ভিতরে দুটি ভোটকক্ষের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পোস্টাল ব্যালটে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে মোট ৪৪ জন বন্দি ভোট দেওয়ার জন্য নাম অন্তর্ভুক্ত করেন। কিন্তু দুইজন বন্দি মামলার কারণে অন্য কারাগারে অবস্থান করায় বাকি ৪২ জন বন্দি ভোট দিচ্ছেন।
জেল সুপার আরও বলেন,ভোট দেওয়া বন্দিদেরকে সকাল ৮টার আগে নাস্তা খেয়ে প্রস্তত থাকতে বলা হয়েছে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তা জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে পাঠানো হবে।
কারা কর্তৃপক্ষ জানায়, নোয়াখালী জেলা কারাগারে ৯৪১ জন বন্দি থাকলেও তাদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন কেবল ৪৪ জন। যা মোট বন্দির ৪ দশমিক ৭ শতাংশ।বন্দিদের অনেকেই ১২ ফেব্রুয়ারি ভোটের আগে জামিনের আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে রাজি হননি। কারাগারে পোস্টাল ব্যালটের আবেদন করে জামিন পেলে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকবে না।
মাসুম/সাএ
সর্বশেষ খবর