স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে থানা ছাড়লেন ফেনীর দাগনভূঞা থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহারের চার দিন পর শনিবার (২৮ নভেম্বর) ভোরে তাঁকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম। তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত বুধবার ওসি নোমানকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং নিজের প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। দাগনভূঞা থানায় এখনো নতুন কোনো ওসি পদায়ন করা হয়নি। আপাতত ওসি (তদন্ত) ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফেরদৌসি বেগম জানান, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব পালনকালে কোনো দালাল বা মামলাবাণিজ্যে জড়িত ব্যক্তিকে থানায় প্রশ্রয় দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখা হবে।
এর আগে নিষিদ্ধ সংগঠন দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি নোমানের একটি আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার গভীর রাতে ফোনালাপটি ছড়িয়ে পড়ার পর গণমাধ্যমে প্রকাশিত হলে বুধবার বিকেলে তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
একই দিন তাঁকে খাগড়াছড়িতে বদলি করা হলেও শুক্রবার রাত পর্যন্ত তিনি থানা ছাড়েননি বলে অভিযোগ ওঠে। ওসির বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও সাম্প্রতিক ফোনালাপের ঘটনা নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়।
সর্বশেষ শনিবার ‘প্রত্যাহারের তিন দিনেও থানা ছাড়ছেন না ওসি নোমান, ক্ষোভে ফুঁসছে দাগনভূঞা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর জেলা পুলিশ নড়েচড়ে বসে। এরপর ভোরের আগে তাঁকে থানা থেকে ডেকে জেলা পুলিশ লাইন্সে নেওয়া হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর