নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর ক্ষেত্রে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বর্তমান বাস্তবতায় শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের জন্য সংবিধানে বিকল্প ব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, সংসদ সদস্যদের শপথ পড়ানো নিয়ে বর্তমানে দুটি সাংবিধানিক পথ খোলা আছে এবং সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তিনি জানান, সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছেই সংসদ সদস্যরা শপথ নেন। তবে বর্তমান পরিস্থিতিতে একজন পালাতক এবং অন্যজন কারাগারে থাকায় তাদের মাধ্যমে শপথ আয়োজন কার্যত সম্ভব নয়। পাশাপাশি গুরুতর মামলা ও পদত্যাগের বিষয় পরিস্থিতিকে আরও জটিল করেছে।
আইন উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি যে কাউকে শপথ পড়ানোর দায়িত্ব দিতে পারেন। সে ক্ষেত্রে প্রধান বিচারপতির মতো উচ্চপদস্থ কোনো সাংবিধানিক পদধারী সম্মত হলে তিনি এ দায়িত্ব পালন করতে পারেন।
এ ছাড়া আরেকটি বিধান অনুযায়ী, নির্বাচনের পর তিন দিনের মধ্যে কোনো কারণে শপথ আয়োজন করা না গেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন।
সরকার যত দ্রুত সম্ভব নতুন সংসদের কার্যক্রম শুরু করতে চায় উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বিলম্ব এড়াতে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য পথ বেছে নেওয়াই এখন অগ্রাধিকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক মতামত উপস্থাপনের আলোচনা চলছে বলেও জানান তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর