রাজধানীর গুলশানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারের ওপর হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ডিউটি শেষে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাসায় ফেরার সময় গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এডিসি মাহফুজ্জামানের গাড়ি নিয়ে কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১০-১২ জন ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
এ বিষয়ে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, “গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে কয়েকজন এসে এডিসি মাহফুজ্জামানের ওপর হামলা চালায়। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।”
হামলার পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “শুনেছি হামলাকারীরা ব্যবসায়ী। এখানে রাজনৈতিক কোনো ঘটনা নেই।”
এডিসি মাহফুজ্জামানের স্ত্রী জানান, বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে কারা হামলা চালিয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, “এডিসি মাহফুজ্জামানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন। গ্রেপ্তাররা সবাই ব্যবসায়ী।”
তিনি আরও জানান, গ্রেপ্তাররা ঘটনার আগে একটি ক্লাব থেকে বের হয়েছিল এবং গাড়ি ধাক্কাকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বলেও জানান তিনি।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর