বাগেরহাটের মোংলার জয়মনিরঘোলে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পেইনে ১৩৩ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাঁদের মধ্যে প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও জানান, উপকূলীয় জনপদের মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর