নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর নির্বাচনী পথসভায় যুবদলের এক নেতার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। বক্তৃতায় ওই নেতা বলেন, ‘১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দিবো আমরা পাকিস্তান।’
বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
বিতর্কিত ওই বক্তব্য দিয়েছেন সিংড়া উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল মালেক। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শেরকোল এলাকায় বিএনপি প্রার্থীর এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। ওই সময় সভায় উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু।
ইতিমধ্যে বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে আব্দুল মালেককে বলতে শোনা যায়, ‘সিংড়া থানার শেরকোল ইউনিয়নের দুটি ওয়ার্ডকে পাকিস্তানি বলা হয়। একটি ৬ নম্বর ওয়ার্ড, আরেকটি ৯ নম্বর ওয়ার্ড। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব যাকে বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন, তাকেই নমিনেশন দিয়েছেন। আমি বিএনপি করি—এর প্রমাণ ধানের শীষ। সুতরাং ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দেব আমরা পাকিস্তান।’
সমালোচনার মুখে বক্তব্যের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা আব্দুল মালেক দাবি করেন, বক্তব্য দেওয়ার সময় ভুলক্রমে ওই শব্দটি মুখ দিয়ে বের হয়ে গেছে।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, ‘বক্তব্যটি আমিও শুনেছি। তিনি কোন প্রেক্ষাপটে এমন কথা বলেছেন, তার ব্যাখ্যা চাওয়া উচিত। কেউ তিরস্কার করে ওই এলাকাকে পাকিস্তানি বলে থাকলে তার প্রতিক্রিয়ায় তিনি এমন কথা বলেছেন, নাকি পাকিস্তানি ভাবাদর্শে উজ্জীবিত হয়ে বলেছেন—তা পরিষ্কার হওয়া প্রয়োজন। তবে যদি পাকিস্তানি মতাদর্শ বাস্তবায়নের উদ্দেশ্যে এই বক্তব্য দেওয়া হয়ে থাকে, তবে তা রাষ্ট্রদ্রোহের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।’
জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তিনি কোন প্রেক্ষাপটে এমন বক্তব্য দিয়েছেন, তা আমরা পর্যালোচনা করছি। যদি দলের নীতিবহির্ভূত বা বিতর্কিত কিছু প্রমাণিত হয়, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর