বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল। যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষির ওপর গুরুত্ব দিয়েছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। একদিকে নদী কৃষি জমি নিয়ে নিচ্ছে, অন্যদিকে শিল্পকারখানার নামে কৃষি নষ্ট করা হচ্ছে। তাই নদী থেকে কৃষি জমি উদ্ধার এবং পরিকল্পিত কলকারখানা গড়ে তুলে সবুজায়নের বাংলাদেশ গড়তে হবে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে নয়টি ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৭ বছরে কেউ ভোট দিতে পারেনি। ফ্যাসিবাদী হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার জীবনময় এবং বহু নেতাকর্মীর রক্ত ও ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে ভোট দেওয়ার সুযোগ হয়েছে। ধানের শীষ বেগম খালেদা জিয়ার আমানত। তাই এই ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহিলাদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে এককালীন টাকা পাবে এবং সেই টাকা দিয়ে হাঁস-মুরগি পালনসহ ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসা করে পরিবারকে সহায়তা করতে পারবে। শিক্ষিত যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং চাকরি না পাওয়া পর্যন্ত ভাতা প্রদান করা হবে। চিকিৎসার জন্য হেলথ কার্ড দেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত হিসেবে একটি নিরাপদ ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
টুকু বলেন, জামায়াত ধর্মের নামে আবির্ভূত হয়েছে। ওরাই শুধু মুসলমান, আমরা কি মুসলমান না? কোরআনে ধর্মের সাথে কোনো কিছুর বিনিময় না করা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও জামায়াত কোরআনের নির্দেশ অমান্য করে মোনাফেকী করছে। তিনি বলেন, জামায়াত স্বাধীনতায় বিশ্বাস করে না। ১৯৯১ সালে পাকিস্তানের সাথে এক হয়ে বাংলাদেশের মানুষ হত্যা করেছে। মা-বোনদের তাদের হাতে তুলে দিয়েছে। নির্বাচনী জনসভাগুলোতে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর