টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে ভরিতে এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে নতুন এই মূল্য কার্যকর হবে বলে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় এক ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে-
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা দামে স্বর্ণ বিক্রি হবে।
উল্লেখ্য, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত বাজুস মোট ২৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হলেও ৯ বার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর