দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এর আগের দিনই একই অঙ্কে ভরিপ্রতি দাম কমানো হয়েছিল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ সকাল ১০টা থেকেই নতুন এই দাম সারা দেশে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি সকালে বাজুস ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছিল। সে সময় ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকায় বিক্রি হচ্ছিল।
এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে মোট ২৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৯ বার কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।
স্বর্ণের দামে পরিবর্তন এলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা দামে রুপা বিক্রি হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দামে মোট ১৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১০ বার দাম বেড়েছে এবং ৭ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার—যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।
সাজু/নিএ
সর্বশেষ খবর