ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে রাজবাড়ী থেকে এ বছরেও ভারতের মেদিনীপুর যাচ্ছে না ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন। ফলে শত বছরের ঐতিহ্যবাহী ওরশ স্পেশাল ট্রেনের যাত্রায় দ্বিতীয়বারের মতো ভাটা পড়ল। আগামী ১৭ ফেব্রুয়ারি রাতে ভারতের মেদিনীপুরে ১২৫তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে নিরাপত্তা জনিত ইস্যুসহ বিভিন্ন কারণে পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ফলে এ বছরও রাজবাড়ী থেকে আঞ্জুমান-ই কাদেরীয়ার উদ্যোগে ভারতের মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন।
১৯০২ সালে চালু হওয়া ওরশ স্পেশাল ট্রেন ২০২১ ও ২০২২ সালে করোনা মহামারির কারণে এবং সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ভারতীয় পর্যটন ভিসা বন্ধের কারণে ২০২৫ ও চলতি ২০২৬ সালে ট্রেনের যাত্রা বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২৪ সালে ভারতের মেদিনীপুরে অনুষ্ঠিত ওরশে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে বাংলাদেশি মুরিদদের যোগদানের জন্য রাজবাড়ী থেকে একটি স্পেশাল ট্রেন ছেড়ে যায়। সিদ্ধান্ত অনুযায়ী ভারত থেকে আসা ২২টি সাধারণ বসার কোচ ও দুইটি প্রতিবন্ধীদের জন্য দ্বিতীয় শ্রেণির লাগেজ কোচের সমন্বয়ে মোট ২৪ কোচের স্পেশাল ট্রেনে ২২৫৭ জন বাংলাদেশি ওরশ যাত্রী মেদিনীপুরে যায়।
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাত ১০টায় স্পেশাল ট্রেনটি রাজবাড়ী থেকে ছেড়ে দর্শনা বর্ডার দিয়ে ১৫ ফেব্রুয়ারি গেদে পৌঁছায় এবং ১৬ ফেব্রুয়ারি মেদিনীপুর পৌঁছায়।
স্পেশাল ট্রেনটি ১৮ ফেব্রুয়ারি ভারতের সময় রাত ১০টায় মেদিনীপুর থেকে ছেড়ে ভারতের গেদে বর্ডার দিয়ে দর্শনা হয়ে ১৯ ফেব্রুয়ারি বিকেলে রাজবাড়ী ফিরে আসে।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার ভারপ্রাপ্ত সভাপতি নাসিম শফি বলেন, পশ্চিমবঙ্গে মেদিনীপুরে হযরত মুহাম্মদ (সা.) এর ৩২তম ও বড় পীর গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানীর (আ.) ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামশুল কাদের হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম ‘মওলাপাক’-এর ১২৫তম বার্ষিক পবিত্র ওরশ আগামী ১৭ ফেব্রুয়ারি দিনগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। এর মধ্যে দেশ ভাগ হয়ে গেলেও ঐতিহ্য রক্ষায় দুই দেশের রেল কর্তৃপক্ষ এ সেবা চালু রাখে। তবে করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে ওরশ স্পেশাল ট্রেনের যাত্রা বন্ধ ছিল এবং ২০২৫ ও চলতি ২০২৬ সালে ভারত সরকার পর্যটন ভিসা রাখার কারণে ওরশ স্পেশাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
নাসিম শফি আরও জানান, ভারতের মেদিনীপুরের সাথে মিল রেখে রাজবাড়ী শহরের বড় মসজিদ (খানকা শরীফ) ১২৫তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এবারও ওরশে বিপুল সংখ্যক ভক্তদের জমায়েত হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর