দিনাজপুর জেলা কারাগারে বন্দি সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা অধিদপ্তরের তথ্যমতে, সকালে ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ শেষ করে নাস্তা করেন রমেশ চন্দ্র সেন। এরপর তিনি কারাগারের ওয়ার্ডের বাথরুমে যান। গোসলের প্রস্তুতির সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ জানান, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দিনাজপুর জেলা কারাগার সূত্র জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। হত্যাসহ মোট তিনটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতা বালাশ্বরী সেন। শিক্ষাজীবনে তিনি রংপুর কারমাইকেল কলেজে অধ্যয়ন করেন।
রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে রমেশ চন্দ্র সেন সংসদ সদস্য পদ হারান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর