কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল (৬ ফেব্রুয়ারি) শুক্রবার মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় অস্ত্রগুলোসহ খোরশেদ খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আব্দুল্লাহপুর গ্রামের দৌলত খানের ছেলে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো যাচাই-বাছাই শেষে আদালতে উপস্থাপন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মধ্যে অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর