ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'চরফ্যাশন ও মনপুরাসহ ভোলা-৪ আসনে বিগত ১৭ বছর ধরে মাদক ও সন্ত্রাসের রাজত্ব কায়েম ছিল। শুধু এই আসনেই নয়, অন্যান্য আসনেও সাবেক এমপি ও মন্ত্রীরা চাঁদাবাজিতে জড়িত ছিলেন। বর্তমান বাংলাদেশ জনগণের বাংলাদেশ। বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই রাজনীতি করতে চায়। অবৈধ দখলদার, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিএনপিতে কোনো ছাড় দেওয়া হবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, চাঁদাবাজদের বিএনপি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এদের ছাড়াই বিএনপি আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে।'
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশে তিনি বলেন, 'বিএনপি একটি নারীবান্ধব রাজনৈতিক দল। বিএনপি সরকার গঠন করতে পারলে রাষ্ট্রের সেবা প্রতিটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই নারীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'
তিনি আরও বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। নির্যাতিত নারীদের সুরক্ষায় কঠোর আইন প্রণয়ন করেন, যেখানে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের বিধান রাখা হয়।'
সমাবেশে চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাড়ে তিন হাজার নারী ভোটারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর