ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার দুপুরে বনপাড়া পৌর নির্বাচনী কার্যালয়ে এ ইশতেহার প্রকাশ করেন তিনি।
জানা যায়, আব্দুল হাকিমের নির্বাচনী ইশতেহারে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন, নাটোর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প ও ফিশ প্রসেসিং সেন্টার নির্মাণসহ ১৬ দফার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা রয়েছে। ইশতেহার ঘোষণাকালে আব্দুল হাকিম বলেন, "আমি ক্ষমতার নয়, দায়িত্বের রাজনীতি করতে চাই।" তিনি গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা আমীর প্রভাষক আব্দুল আলিম, মহাকাশ বিজ্ঞানী ও অবসরপ্রাপ্ত চিফ সায়েন্টিফিক অফিসার মো. ফজলুল হক, দিগন্ত টিভির সাবেক প্রযোজক আমিনুল ইসলাম শান্ত, এনসিপি'র জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, উপজেলা খেলাফত মজলিশের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক ও উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক, শ্রমিক নেতা, ব্যবসায়ী, ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাসহ বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
ইশতেহারে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান ও পুনর্বাসন, শ্রমিক এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, চলনবিল ইকো ট্যুরিজম পার্ক স্থাপন, পাঙ্গিয়ার দিঘী, বিলসা ও পদ্মবিলের পর্যটন ব্যবস্থা আধুনিকায়ন, চলনবিলে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, দুই উপজেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণ, গ্যাস নির্ভর কারখানা গড়ে তোলা, বেকারদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে অনলাইন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশ গমনেচ্ছুক যুবকদের কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করাসহ ফ্রি পাসপোর্ট করে দেওয়া, কৃষিপণ্য ও মাছ সংরক্ষণ হিমাগার নির্মাণ ও বাজারজাতকরণের সুবিধা বৃদ্ধি, বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক সরকারী ভবন নির্মাণ, চাঁদাবাজিমুক্ত নিরাপদ ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা, বিভিন্ন প্রতিষ্ঠানে উৎকোচ ও পক্ষপাতিত্ববিহীন নিয়োগ ব্যবস্থা চালুসহ ১৬টি ধারায় ৫৩টি পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর