আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যতিক্রমী ও লোকজ স্লোগানে ধানের শীষের পক্ষে অভিনব নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। "সিজন ভালো, ধান লাগাইয়া দেও। ফলন হবে বাম্পার, উন্নয়নে বাবু ভাইকে দরকার"—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ। উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় ভিন্নধর্মী এই প্রচারণা সবার দৃষ্টি আকর্ষণ করে।
ভ্যানে তৈরি প্রতীকী জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে কর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকের পক্ষে তাঁদের সমর্থন প্রকাশ করেন। জনসভা প্রাঙ্গণে "লাগারে লাগা, ধান লাগা", "বাবু ভাই জিন্দাবাদ", "তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন"—এমন স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, মো. আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী ও সাইফুল ইসলাম চকদার ঝুলন। এছাড়াও পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, সদস্য সচিব মো. নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, মেহেদী হাসান রুবেল, মো. জহিরুল ইসলাম সুজন, মো. হায়দার আলীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ধানের শীষ দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এদিকে ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা, হাট-বাজার ও চায়ের দোকানগুলোতে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সাধারণ ভোটারদের মতে, দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জবাসীর সুখ-দুঃখে পাশে থেকে মাজেদ বাবু মানুষের আস্থা অর্জন করেছেন। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরাও ধানের শীষের প্রতি তাঁদের সমর্থনের কথা জানান। তাঁদের ভাষ্য, সৎ নেতৃত্ব ও এলাকার টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মাজেদ বাবুর বিকল্প নেই। সার্বিকভাবে, ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষের পক্ষে এই ক্রমবর্ধমান গণজোয়ার আসন্ন নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর