আগামী পাঁচ দিন দেশের বেশির ভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময়ের শেষ দিকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম।
প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রাজধানী ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। শনিবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।
দ্বিতীয় ও তৃতীয় দিন অর্থাৎ ১৮ ও ১৯ অক্টোবর দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
চতুর্থ ও পঞ্চম দিন অর্থাৎ ২০ ও ২১ অক্টোবর চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, পূর্বাভাসের শেষ দিকে সারা দেশে সামগ্রিক তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
ফলে অক্টোবরের শেষ ভাগের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমার প্রবণতা দেখা যেতে পারে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর