চট্টগ্রামের চকবাজার থানাধীন কাপাসঘোলা এলাকায় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। আটকের পর তাদের চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পরিচালিত অভিযানে আটক দুজন হলেন যুবদল নেতা এমদাদুল হক বাদশার অনুসারী মোহাম্মদ গফুর ও মোহাম্মদ আলম।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত অস্ত্রের ধরন ও সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। আটকের পর দুইজনকে চকবাজার থানায় হস্তান্তর করা হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) আমিনুর রশীদ বলেন, আটকের বিষয়টি শুনেছি। তবে এখনো আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি পাইনি। পেলে বিস্তারিত জানানো যাবে।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফয়সাল আহমদ বলেন, আটকের খবর আমরা পেয়েছি। থানার সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত জানা যাবে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে সাড়া পাওয়া যায়নি।
এদিকে আটক দুইজনকে ছাড়িয়ে নিতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বড় অঙ্কের অর্থের বিনিময়ে তদবিরের চেষ্টা চলছে- এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এডিসি ফয়সাল আহমদ বলেন, আসামিদের ছেড়ে দেওয়ার কিংবা কোনো ধরনের লেনদেনের সুযোগ নেই। আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিস্তারিত জানতে সংশ্লিষ্ট থানায় সরাসরি যোগাযোগের পরামর্শ দেন।
এ ঘটনায় এখনো মামলা হয়েছে কি না বা আটক দুজনের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর