আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠের প্রচারণা এখন তুঙ্গে। ভোটের আর বেশি সময় বাকি নেই আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে রাজনীতির নানা অঙ্গনের মানুষদের পাশাপাশি শোবিজ তারকারাও প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
নিজ নিজ পছন্দের দল ও প্রার্থীদের পক্ষে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।
এবারের নির্বাচনে ঢাকাই শোবিজের কে কোন আসনের ভোটার—এ নিয়েও কৌতূহল রয়েছে। আবার কেউ কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। জানা গেছে, ঢাকা-১৭ আসনের ভোটার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তিনি রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তবে বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন না এই সুপারস্টার।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ভোটে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তিনিও বারিধারা এলাকার বাসিন্দা এবং ঢাকা-১৭ আসনের ভোটার।
ভোট না দিতে পারার তালিকায় আরেক চিত্রনায়ক আরেফিন শুভও আছেন। ঢাকা-১১ আসনের ভোটার হলেও নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে তারও ভোট দেওয়া হচ্ছে না।
এদিকে, চিত্রনায়িকা পূর্ণিমার বসবাস খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। ঢাকা-১৮ আসনে তার ভোট দেওয়ার কথা রয়েছে। আর অপু বিশ্বাস ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত বাড্ডায় থাকেন।
চিত্রনায়ক সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের ভোটার, যিনি রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন। অভিনেতা মিশা সওদাগরের আসন ঢাকা-১৮। অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার।
কুশল/সাএ
সর্বশেষ খবর